রাজধানীর পৃথক স্থান থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর সবুজবাগ, ভাটারা, ডেমরা, যাত্রাবাড়ী ও আজিমপুর থেকে দুই নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহগুলোর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

তারা হলেন- সবুজবাগের গৃহবধু আফরোজা আইরিন (৪৮), ভাটারার প্রবাস ফেরত তামিম মোস্তফা (২২), ডেমরার ব্যবসায়ী জীবন মিয়া (৩৩), যাত্রাবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তি (২৫) ও আজিমপুরের বৃদ্ধা আঙ্গুর নেছা (৭২)।

আফরোজার বাবার নাম এ,কে, এম আনোয়ারুল্লাহ। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এখলাসপুর। বর্তমানে সবুজবাগ বাসাবো আহমেদবাগ এলাকার একটি বাসায় থাকতেন।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, বুধবার দুপুরে মুগদা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার ডান হাতেন কনুইয়ের পিছনে কালো দাগ, ডান হাতের বিভিন্ন জায়গায় কালো দাগ রয়েছে। গত ১৪ সেপ্টেম্বর রাতে তার সাথে তার সৎ ভাই ও ভাবির তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তাদের ধাক্কায় তিনি ইটের রাস্তার উপর পড়ে অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে মুগদা হাসপাতালে নিয়ে ভর্তি করান। বুধবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ভাটারার তামিমের বাবার নাম কামাল মোস্তফা। তার বাড়ি জয়পুরহাটের পাচঁবিবি থানা এলাকায়। সুরতহাল প্রতিবেদনে এসআই মো. সেলিম শাহ উল্লেখ করেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বুধবার রাতে ভাটারা কুড়িল বিশ্বরোড মেম্বার বাড়ি রোড চান মিয়ার বাসার ৪র্থ তলার মেস থেকে ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে জানা গেছে, মালয়েশিয়া থেকে ফেরত আসার পর থেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। এই কারণেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ডেমরার জীবন মিয়ার বাবার নাম আব্দুল মজিদ মিয়া। তার বাড়ি নারায়ণগঞ্জের রুপগঞ্জ মুড়াপাড়া দড়িকান্দি এলাকায়। অটোরিকশার ব্যবসা ও মাছের খামার রয়েছে তার।

সুরতহাল প্রতিবেদনে এসআই আবুল কালাম উল্লেখ করেন, বৃহস্পতিবার সকালে ডেমরা পশ্চিম হাজীনগর প্রাইম কেয়ার ডায়াগোনেস্টিক সেন্টারের পাশে ক্যানেলপাড় সংলগ্ন ডিএন্ডডি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খালের পাশে একটি বিদ্যুতের খুটি রয়েছে। ধারণা করা হচ্ছে, গোড়ায় পানি জমে থাকায় সেই খুটিটি বিদ্যুতায়িত হয়ে ছিল। যখন জীবন সেই খুটিতে হাত দেন, তখন বিদ্যুতায়িত হয়ে তিনি পানিতে পড়ে মারা যান।

এদিকে যাত্রাবাড়ীর এসআই মো. জাকির হোসেন বলেন, শনিরআকড়া রাস্তার আইল্যান্ডের উপর থেকে বৃহস্পতিবার সকালে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক (২৫)। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

সর্বশেষ লালবাগ আজিমপুর রোডের একটি বাড়ির ৮ম তলার বেলকুনি থেকে বৃহস্পতিবার বিকেলে নিচে পড়ে যান আঙ্গুর নেছা নামে ৭২ বছর বয়সি এক বৃদ্ধা। পরে তার ছেলে মোর্তজা কামাল তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সন্ধ্যায় মৃত ঘোষণা করেন। তার স্বামীর নাম মৃত হাজী আলী আক্কাস।