২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ মার্চ কলা, ২০ মার্চ বাণিজ্য এবং ২৭ মার্চ বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক অনলাইন মিটিং এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের ভর্তি পরীক্ষার আয়োজন ও ব্যবস্থাপনায় নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে শিক্ষার্থীদের একটি অভিন্ন ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির সুযোগ দেওয়ার জন্য এ পদ্ধতি চালু রয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ১৯ মার্চ ২০২৭ শুক্রবার কলা বিভাগের পরীক্ষা, ২০ মার্চ শনিবার বাণিজ্য বিভাগের পরীক্ষা এবং ২৭ মার্চ শনিবার বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার আবেদন, কেন্দ্র, আসনবিন্যাস, ফল প্রকাশ ও ভর্তি-সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে পরবর্তী সময়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পৃথক পৃথক ভর্তি পরীক্ষা না দিয়ে সমন্বিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয় হয়। তবে ভর্তি পরীক্ষার পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও বিভাগভিত্তিক ভর্তি প্রক্রিয়া আলাদাভাবে সম্পন্ন হয়।