পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষায় ৮১ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরীক্ষা চলাকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম একাডেমিক ভবনের পরীক্ষা কেন্দ্রসমূহ ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া পরীক্ষায় সহযোগিতা করার জন্য কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিক, সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসীসহ সকল মহলকে প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য।
এদিকে, ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক, জরুরি মেডিকেল সেবা ও অভিভাবকদের বসার ব্যবস্থা ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহসহ নানা উদ্যোগ নেওয়া হয়।
অপরদিকে, আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিট (মানবিক অনুষদ) ও ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে।
দেশের ২১টি কেন্দ্রে একযোগে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশের ২৫ হাজার ২১৬ জন শিক্ষার্থ এতে অংশ নেয়।
