নবাবগঞ্জে নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে নিখোঁজের একদিন পর তাসরিফুল ইসলাম তিতুমীর (১৩) নামে এক কিশোরের মরদেহ করতোয়া নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
 
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কাচদহ এলাকায় করতোয়া নদীতে একটি মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
 
নিহত তাসরিফুল ইসলাম তিতুমীর উপজেলার কাচদহ গ্রামের আবুল কাশেমের ছেলে।
 
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে তাসরিফুল নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের পর থেকেই স্বজন ও স্থানীয়রা তাকে খুঁজতে থাকেন।
 
শুক্রবার বিকেলে কাচদহ এলাকায় করতোয়া নদীতে মরদেহ ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়লে তাসরিফুলের স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা মরদেহটি তাসরিফুলের বলে শনাক্ত করেন।
 
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।