গর্ভবতী দীপিকাকে নিয়ে মন্দিরে পূজা দিলেন রণবীর

মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে শুক্রবার ( ১৮ সেপ্টেম্বর) গণপতির আশীর্বাদ নিলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দ্বিতীয় সন্তান আসার খবর প্রকাশ্যে আনার পর এই প্রথম জনসমক্ষে পরিবারের সঙ্গে দেখা মিলল তারকা-দম্পতির। দীপিকা ও রণবীরের পাশাপাশি তাদের সঙ্গে উপস্থিত ছিলেন রণবীরের বাবাও মা-ও। 

উৎসবের আবহে উৎসবের সাজেই সেজে উঠেছিলেন দীপিকা। কমলা ও হলুদ রঙের ভারি এমব্রয়ডারি করা কুর্তা, বেগুনি সালোয়ার এবং বেইজ রঙের ওড়নায় সেজেছিলেন তিনি। চুলের খোঁপায় ছিল ঐতিহ্যবাহী গজরা আর সাধারণ গয়নায় রুপালি পর্দার এই তারকাকে দেখাচ্ছিল অপরূপা। তার সঙ্গে মিল রেখে রণবীর পরেছিলেন লম্বা বেগুনি রঙের এমব্রয়ডারি করা কুর্তা ও সাদা পায়জামা। রণবীরের বাবা-মার পরনে ছিল হালকা রঙের পোশাক। এর আগে বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের ঐতিহ্যবাহী লালবাগচা রাজার দর্শনে গিয়েছিলেন রণবীর সিং। সেখানে সাধারণ সাদা কুর্তা-পায়জামায় দেখা যায় তাকে। ভক্তদের অভিবাদন জানানোর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। 

চলতি বছরের ১৯ এপ্রিল ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে তার দ্বিতীয় প্রেগন্যান্সির কথা ঘোষণা করেন দীপিকা নিজেই। সঙ্গে ছিলেন রণবীরও । তাদের প্রথম কন্যাসন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের একটি ছবি দিয়ে এই সুখবরটি ভাগ করে নিয়েছিলেন দম্পতি। রণবীর ও দীপিকার পোস্টে দেখা গেছে, কোথাও মেয়েকে নিয়ে খেলছেন রণবীর, কোথাও আবার দীপিকা ও রণবীরের মাঝে হাসিমুখে দেখা যাচ্ছে ছোট্ট দুয়াকে। ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে সেই মুহূর্ত, যেখানে রণবীরের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন দীপিকা এবং স্পষ্ট দেখা যাচ্ছে তার বেবি বাম্প। অন্য একটি ছবিতে মেয়েকে সঙ্গে নিয়ে বাবা-মায়ের আদুরে মুহূর্তও ধরা পড়েছে। 

ছবিগুলোর সঙ্গে রণবীরের লেখা ক্যাপশনও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি লিখেছেন, ‘দুয়ার সঙ্গে আমাদের হৃদয়ও আরও বড় হচ্ছে।’ এই একটি বাক্যের মাধ্যমে নতুন অতিথিকে ঘিরে তাঁদের উত্তেজনা ও আনন্দের কথা স্পষ্ট করে দিয়েছেন দম্পতি।