যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান (২৬) নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ইবাদুর রহমান জানান, তিনি ব্যাটারিচালিত রিকশার চালক। সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী এলাকায় রিকশা চালাচ্ছিলেন। ঘটনার সময় তিনি রিকশা নিয়ে যাত্রাবাড়ী থানার সামনে চৌরাস্তায় সিগন্যালে পড়েন। এ সময় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এতে ককটেলের স্প্লিন্টার তাঁর কোমরের পেছনে লাগে। এরপর চিকিৎসার জন্য তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তাঁর বাসা মুগদার মান্ডা এলাকায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে ককটেল বিস্ফোরণে এক রিকশাচালক আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাঁর কোমরের পেছনের দিকে স্প্লিন্টারের আঘাত রয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে।