চশমার মতো নতুন হেডসেট আনছে মেটা

মিক্সড রিয়েলিটি প্রযুক্তির নতুন হেডসেট বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘প্রজেক্ট ফিনিক্স’ নামে পরিচিত ডিভাইসটির বেশ কিছু ছবি অনলাইনে প্রকাশ পেয়েছে। ধারণা করা হচ্ছে, নির্ধারিত সময়ের আগেই মেটার একটি অ্যাপের মাধ্যমে ছবিগুলো প্রকাশ্যে চলে আসে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট আপলোডভিআর মেটার ‘হরাইজনওএস প্রেসক্রিপশন লেন্স’ অ্যাপে ছবিগুলো খুঁজে পায়। চোখের জন্য প্রেসক্রিপশন লেন্স ব্যবহারকারীদের জন্য তৈরি অ্যাপটিতে হেডসেটটির বিভিন্ন দিকের ছবি দেখা যায়। পরে অ্যাপটি সরিয়ে নেওয়া হয়।

ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, মেটার আগের কোয়েস্ট হেডসেটের তুলনায় প্রজেক্ট ফিনিক্স হবে তুলনামূলক হালকা ও চশমাসদৃশ। একটি ছবিতে ডিভাইসটির সঙ্গে তারও দেখা গেছে। ফলে এটি ছোট একটি আলাদা কম্পিউটিং ইউনিটের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হেডসেটের সামনের অংশের ছবি প্রকাশ না পাওয়ায় এতে কী ধরনের ক্যামেরা বা সেন্সর থাকবে, তা এখনো নিশ্চিত নয়। হাতের অঙ্গভঙ্গির মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে বলেও গুঞ্জন রয়েছে। সে ক্ষেত্রে আলাদা কন্ট্রোলারের প্রয়োজন নাও হতে পারে।

মেটা এখনো ডিভাইসটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ২৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ‘কানেক্ট’ সম্মেলনে এর সম্ভাব্য ফিচার বা নকশার ঝলক দেখা যেতে পারে। হেডসেটটি ২০২৭ সালের আগে বাজারে আসবে কিনা, সেটিও এখনো স্পষ্ট নয়।