ভোলায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

ভোলার দৌলতখানে ছাত্রদলের এক নেতাসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরপাতা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাদের ভোলার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ও হাওলাদার বাড়ির সামছুদ্দিনের ছেলে মো. শাকিল হাওলাদার (২৪), মধ্য জয়নগর এলাকার মাওলানা মহিউদ্দিনের ছেলে জাবের (২৪), নুর উদ্দিনের ছেলে জোনায়েদ (২৮), কলাকোপা গ্রামের ছিদ্দিকের ছেলে সাব্বির (১৯) এবং মৃত ফারুক মাঝির ছেলে রাসেল (২৫)। শাকিল হাওলাদারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে চরপাতা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় শাকিল হাওলাদারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রের দাবি, শাকিল হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ছাত্রদলের আহ্বায়ক হওয়ার পর এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম বলেন, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার তাদের ভোলার আদালতে পাঠানো হয়েছে।