ঢালিউডের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধায় স্মরণ করেছেন অভিনেত্রী শাবনূর। একই সঙ্গে এই প্রয়াত তারকাকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে অনুরোধ জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূর লেখেন, সালমান শাহকে নিয়ে যেন কেউ কোনো মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করেন। ৯০-এর দশকের শুটিংয়ের দিনগুলোর স্মৃতিচারণ করে তিনি বলেন, সালমান শুধু জনপ্রিয় নায়কই ছিলেন না, একজন উদার হৃদয়ের মানুষও ছিলেন। ইউনিটের সবার খোঁজ নেওয়া ও মানুষকে আপন করে নেওয়ার অসাধারণ গুণও ছিল তার।
মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি জনপ্রিয় সিনেমা উপহার দেওয়া সালমান ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ২৫ বছর বয়সে প্রয়াত হন। তার জন্ম ও প্রয়াণ দিবসে ভক্তদের ভালোবাসা প্রমাণ করে, তিনি এখনো ঢালিউডের এক অমর নক্ষত্র।