পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার-শোভন গাঙ্গুলির ঘরে এল নতুন অতিথি। এর মাধ্যমে জীবনের অন্য অধ্যায় সফর শুরু হলো তারকা দম্পতির। রবিবার (২০ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় সুখবর জানালেন তরা। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোহিনী। প্রথম সন্তানের আসার খবরও সুন্দর করে জানিয়েছেন নতুন মা-বাবা। সোশ্যাল মিডিয়া পোস্টে তারা লিখেছেন, 'আমাদের বীরপুরুষ ,আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।' শোভন-সোহিনীর বাবা-মা হওয়ার খবরে খুশির হাওয়া টলিপাড়ায়।
শুটিং থেকে ছবির প্রচার—অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ চালিয়ে গেছেন তিনি। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েও সোহিনী জানিয়েছিলেন, তিনি গর্ভাবস্থার ত্রৈমাসিক পর্বে রয়েছেন। তবে কাজ থেকে বিরতি নেননি। অনাগত সন্তানকে সঙ্গে নিয়েই সাবধানতা মেনে পর পর কাজ করে গিয়েছেন।
২০২৬ সালের ১৫ জুলাই দ্বিতীয় বিবাহবার্ষিকীতে জানিয়েছিলেন, তারা দুই থেকে তিন হতে চলেছেন। তাদের দু’জনের সংসারে এবার আসতে চলেছে নতুন সদস্য। ঘোষণার পর থেকেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছিল অপেক্ষা। ২০২৪ সালের ১৫ জুলাই ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেছিলেন সোহিনী-শোভন। শুরু করেছিলেন নতুন জীবনে। দু'জনের পৃথিবীতে এ বার পড়ল ছোট্ট পায়ের ছাপ।