নতুন যাত্রায় শ্রেয়সী শেয়া

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

সময়ের সম্ভাবনাময় অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া। ছোট পর্দায় নিজের অভিনয় দক্ষতার জানান দিয়ে ইতিমধ্যেই দর্শকের মাঝে নিজের একটি অবস্থান তৈরি করেছেন তিনি। তবে এবার আর নাটক বা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, সম্পূর্ণ নতুন এক রূপে ও নতুন মাধ্যমে হাজির হতে যাচ্ছেন এই অভিনয়শিল্পী। প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে তার।  সাইকোলজিক্যাল মিথোলজিক্যাল থ্রিলার ‘প্রাণভোমরা’য় তাকে দেখা যাবে। এতে শ্রেয়সীর সহশিল্পী হিসেবে আছেন ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে আইস্ক্রিন অরিজিনাল হিসেবে। এরই মধ্যে ওয়েব সিরিজটির কাজ শেষ করেছেন শ্রেয়সী। 

প্রাচীন বাংলার রূপকথায় বহুল পরিচিত ‘প্রাণভোমরা’র মিথকে আধুনিক ভালোবাসা, আবেগ ও রহস্যের সঙ্গে মিলিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। আর এই প্রথম ওটিটি প্রজেক্টের জন্যই নিজেকে একেবারে ভেঙে চুরে নতুনভাবে গড়েছেন শ্রেয়সী। চরিত্রের প্রয়োজনে ঝরিয়েছেন শরীরের অতিরিক্ত মেদ, কঠোর ডায়েট ও শরীরচর্চার মাধ্যমে কমিয়েছেন প্রায় ১০ কেজি ওজন। অভিনয়ের প্রতি নিজের সততা ও পেশাদারিত্বের প্রমাণ দিতেই শ্রেয়া এই মেদহীন ও ছিপছিপে গড়ন তৈরি করেছেন। ওটিটির এই বিশেষ প্রজেক্টে তার চরিত্রটির দাবিই ছিল এমন একটি শারীরিক পরিবর্তন। ওজন কমানোর এই পুরো জার্নিটি মোটেও সহজ ছিল না বলে জানিয়েছেন তিনি।

নিজের এই ওটিটি ডেবিউ নিয়ে দারুণ উচ্ছ্বসিত ও আশাবাদী শ্রেয়সী শ্রেয়া। কাজটির গল্প ও নির্মাণশৈলী নিয়ে এখনই বিস্তারিত কিছু প্রকাশ না করলেও তিনি জানান, দর্শক এখানে একদম ভিন্ন এক শ্রেয়াকে আবিষ্কার করবেন। প্রজেক্টটি নিয়ে শ্রেয়া বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলোর ক্যানভাস এবং অভিনয়ের গভীরতা অন্যরকম হয়। প্রথম কাজের অভিজ্ঞতা চমৎকার। আমি চরিত্রটির জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করছি, কাজটি দর্শকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে এবং তাদের ভালো লাগবে।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘গল্প ও চরিত্র নিয়ে এখনই বলতে চাই না। তবে এই প্রজেক্টের জন্য পুরো বছরটি ধৈর্য নিয়ে অপেক্ষা করেছি। এটার কারণে অনেক কাজই হাত ছাড়া করতে হয়েছে। ১০ কেজি ওজন কমাতে হয়েছে। প্রতিদিন নিয়ম করে সকাল সকাল উঠতে হতো। ফজরের নামাজ দিয়ে আমার দিন শুরু হতো। এরপর অ্যাক্টিং ক্লাসে যেতাম। জিম করা, প্রচুর বই পড়া ও সিনেমা দেখতে হয়েছে চরিত্রটা ধারণ করার জন্য। কাজটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। প্রাণভোমরা ওটিটি ইন্ডাস্ট্রিতে ইতিহাস হয়ে থাকবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত