তিন মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের হাইকোর্টে জামিন

আওয়ামী লীগ সরকারের সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে রাজধানীর পল্টন মডেল, বংশাল ও ভাটারা থানার পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অনাবিল আনন্দ রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

পরে সৈয়দা সাজিয়া শারমিন জানান, হাইকোর্টের এ জামিনাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট দেওয়া হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডেও নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

পরে পাঁচটি মামলায় জামিন পাওয়ার পর নতুন করে গত মে মাসে পল্টন মডেল, বংশাল ও ভাটারা থানার পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিমান তরফদার, বংশাল থানার কর্মকর্তা এ কে এম মাহফুজুল হক এবং ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মণ্ডল পৃথকভাবে এসব আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ও মোহাম্মদ এহসানুল ইসলাম দীপঙ্কর তালুকদারকে ওই তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।