হত্যাচেষ্টা মামলায় জামায়াত এমপি গাজী নজরুলের জামিননামা দাখিল

ব্যক্তিগত গাড়িচালককে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন পাওয়ার পর আদালতে জামিননামা জমা দিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

হত্যাচেষ্টা মামলায় সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আদালতে জামিননামা দাখিল করেছেন। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে তিনি এ জামিননামা জমা দেন।

গত ২১ জুলাই গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে পল্লবী থানায় মামলাটি করেন। পরে এ মামলায় গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন পান গাজী নজরুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকার ‘রোজগার্ডেন টাওয়ার’-এ তার বোনের বাসায় থাকতেন। তিনি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। আত্মীয়তার সূত্রে নজরুল ইসলাম ওই বাসায় যাতায়াত করতেন।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে নজরুল ইসলামের সঙ্গে ওবায়দুরের ভাগ্নির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে ওবায়দুর তার পরিবারকে জানান এবং নজরুল ইসলামকে এ ধরনের সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলাম তাকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, সম্প্রতি মগবাজারের একটি চক্র নজরুল ইসলাম ও তার ভাগ্নির কিছু ‘অপ্রীতিকর ভিডিও’ সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। নজরুল ইসলামের ধারণা হয়, ওবায়দুরই এসব গোপন ভিডিও ধারণ করে সংবাদমাধ্যম ও ওই চক্রের হাতে তুলে দিয়েছেন। এ নিয়ে বিরোধের জেরে গত ১৪ জুলাই নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা—আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মোতাসসিম বিল্লাহ ও রাকিবুল হাসান—ওবায়দুরের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, বেলা ১১টার দিকে আসামি আমিনুর রহমান কৌশলে ওবায়দুরকে ড্রয়িংরুমে ডেকে নেন। সেখানে অন্য আসামিরা তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে আমিনুর তাকে মেঝেতে ফেলে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ সময় ওবায়দুরের মা তাহমিনা ও ছোট বোন মীম এগিয়ে এসে চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যান। যাওয়ার সময় আসামিরা তাকে যেখানে পাবেন, সেখানেই হত্যা করবেন বলে হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে বাদী স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত