জাল সনদে চাকরি, ১৮ বছরের বেতন ফেরতের নির্দেশ

চাকরি শুরু থেকেই বাতিল হিসেবে গণ্য হওয়ায় ২০০৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত নেওয়া ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা ফেরত দিতে বলা হয়েছে।

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

রাজধানীর হাতিরপুলের মোহাম্মদ গোলাম মাওলা ২০০৭ সালে সুপ্রিম কোর্টে অফিস সহকারী পদে চাকরি নেন। দীর্ঘদিন চাকরি করার পর তাঁর বিরুদ্ধে জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগ ওঠে।

এ ঘটনায় ২০২১ সালে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চলতি বছরের ২১ জানুয়ারি তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়।

তবে চাকরি থেকে অপসারণের পরও বিষয়টি শেষ হয়নি। গোলাম মাওলাকে চাকরিকালীন সময়ে উত্তোলন করা বেতন-ভাতার ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাধারণ ও সংস্থাপন শাখা থেকে অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, জাল-জালিয়াতির মাধ্যমে সৃষ্ট শিক্ষাগত যোগ্যতার সনদের ভিত্তিতে গোলাম মাওলা সুপ্রিম কোর্টের অফিস সহকারী পদে চাকরি নিয়েছেন। এ ঘটনায় দায়ের করা ০৯/২০২১ নম্বর বিভাগীয় মামলায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। এরপর বিধি অনুযায়ী চলতি বছরের ২১ জানুয়ারি তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়।

আদেশে আরও বলা হয়, গোলাম মাওলার চাকরি শুরু থেকেই বাতিল হিসেবে গণ্য হবে। ফলে চাকরিকালে তিনি কোনো বেতন-ভাতার জন্য প্রাপ্য ছিলেন না।

অফিস আদেশ অনুযায়ী, ২০০৭ সালের ৩১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিকালে তিনি বেতন-ভাতা বাবদ মোট ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা উত্তোলন করেছেন।

এই অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে আদেশ জারির পরবর্তী ৩০ দিনের মধ্যে পুরো টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত