চোটে গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন, রিপ্লেসমেন্ট কে

এশিয়ান গেমসে যাওয়ার আগে চোটের ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মাঠে ফিরতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘সাইফউদ্দিনের হ্যামস্ট্রিং ইস্যু আছে৷ সে যেতে পারবে না৷ তার পরবর্তী অন্য কাউকে নেওয়া হবে৷ আগামীকাল সেটা চূড়ান্ত করতে পারব।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘এ’ দলের চার দিনের ম্যাচে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। পরবর্তী পরীক্ষায় তার চোটের বিষয়টি নিশ্চিত হয়। ফলে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে আর খেলা হচ্ছে না তার।

এদিকে চোটে পড়েছেন দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় নাজমুল হোসেনও। বা পায়ের কনিষ্ঠ আঙুলের চামড়া ছিলে গেছে তার৷ এতে অবশ্য খুব বেশি সমস্যা দেখছে না টিম ম্যানেজমেন্ট।

এশিয়ান গেমসের জন্য ২৫ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় কোয়ার্টার ফাইনালে লিটন দাসদের প্রতিপক্ষ নির্ধারিত হবে। প্রথম পর্বের ম্যাচ শেষে জাপান, হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমানের যেকোনো একটি দল বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে।