ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ আসরের জন্য চেন্নাই সুপার কিংসের (সিএসকে) নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতের সাবেক বাঁহাতি ফাস্ট বোলার জহির খান।দীর্ঘ ১৮ বছর সিএসকের কোচিং স্টাফের দায়িত্বে থাকা স্টিফেন ফ্লেমিংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। ইংল্যান্ড পুরুষ টেস্ট ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ায় চেন্নাইয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনেছেন ফ্লেমিং।
২০১৭ সালে আইপিএল থেকে খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর বিভিন্ন প্রশাসনিক ও কোচিং ভূমিকায় কাজ করেছেন জহির খান। খেলোয়াড় হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার পর ২০১৯ আইপিএলের আগে মুম্বাই ইন্ডিয়ান্সের ‘ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন্স’ হিসেবে যোগ দেন তিনি। পরবর্তীতে তাদের গ্লোবাল ডেভেলপমেন্ট প্রধানের দায়িত্বও সামলান। সম্প্রতি ২০২৫ আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে নিযুক্ত হলেও পরবর্তী আসরের আগেই তিনি ফ্র্যাঞ্চাইজিটি ত্যাগ করেন।
খেলোয়াড় হিসেবে জহির খান আইপিএলে ১০০টি ম্যাচ খেলে ২৭.২৭ গড়ে ১০২টি উইকেট শিকার করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৬১০টি উইকেটের মালিক এই কিংবদন্তি পেসার।
সিএসকেতে যোগ দেওয়া প্রসঙ্গে জহির খান বলেন, "আইপিএলের অন্যতম সফল একটি দলের অংশ হতে পেরে আমি সম্মানিত। একজন ক্রিকেটার হিসেবে মাঠে বহুবার সিএসকের মুখোমুখি হয়েছি এবং প্রতিটি ম্যাচ দারুণ উপভোগ করেছি। চিপকে চেন্নাইয়ের সমর্থকদের তৈরি করা পরিবেশ এটিকে আরও বিশেষ করে তোলে। এত সমৃদ্ধ ইতিহাসের একটি দলের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি।"
ফিফটিতে এশিয়ান গেমসের প্রস্তুতি তামিমের