এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম পাটোয়ারী।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরিয়মের মরদেহ সোমবার রাত ১২টার দিকে ঢাকা থেকে সড়কপথে গাবুরায় পৌঁছায়। এর আগেই স্থানীয়ভাবে তার দাফনের জন্য কবর প্রস্তুত করা হয়। পরে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী গোসল ও জানাজা শেষে রাত পৌনে ১টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে  দাফন করা হয়।

এদিকে মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তার স্বজনরা।

উল্লেখ্য, মরিয়ম খাতুন গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। রবিবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।