সোনা ছাড়া ভাবনা নেই লিটনের, নজর অলিম্পিকেও

এশিয়ান গেমসে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘদিন একসঙ্গে অনুশীলন ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর এবার জাপানের বিমানে ওঠার অপেক্ষায় লাল-সবুজের প্রতিনিধিরা। আজ আনুষ্ঠানিক টিম ফটোশনের পর সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অধিনায়ক লিটন দাস। নিজেদের লক্ষ্যও স্পষ্ট করেন তিনি, সোনার পদকের জন্যই লড়াই করবেন তারা।

এশিয়ান গেমসের মতো বড় আসরে প্রথমবারের খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত লিটন, ‘বাংলাদেশ দল খেলেছে অনেকবারই। এই প্রথমবার আমরা খেলার সুযোগ পেয়েছি, আমিও এর অন্তর্ভুক্ত। আমার কাছে এটা একটা বড় জিনিস যে জাতীয় দলের হয়ে তো সেবা করছি, সাথে সাথে এরকম জায়গায় একটা খেলা, এটাও একটা বড় জিনিস। সবসময় জিতলে আপনি ট্রফি জিতবেন, কিন্তু এখানে একটা সোনার পদকের বিষয় থাকে। এটাই একটা বড় স্বপ্ন এবং আমার মনে হয় সব খেলোয়াড়ই অনেক রোমাঞ্চিত।’

টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য নিয়ে লিটনের বলেন, ‘অবশ্যই এখানে লক্ষ্য তো একটা থাকবেই। যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলা এবং ফাইনালের জন্য ভালো কিছু করা।’

এশিয়ান গেমসে ক্রিকেট থেকে প্রত্যাশা নিয়ে কোনো বাড়তি চাপ অনুভব করছেন না লিটন। এশিয়ান গেমসের অভিজ্ঞতাকে ভবিষ্যতে অলিম্পিকে খেলার পথের অংশ হিসেবেও দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তবে তার আগে বর্তমান টুর্নামেন্টেই পুরো মনোযোগ দিতে চান তিনি। লিটন বলেন, ‘অলিম্পিকে কে না খেলতে চাইবে? কিন্তু প্রথমত আমরা যে ইভেন্টের জন্য যাচ্ছি, আমরা যদি এই ইভেন্টটা ভালো খেলি, আমার মনে হয় চূড়ান্ত জায়গায় ওখানে আমরা পৌঁছে যাব। মনোযোগ হচ্ছে যে এই ইভেন্টটা আমরা কীভাবে ভালো খেলতে পারি এবং আমরা কীভাবে ফাইনাল পর্যন্ত যেতে পারি। কারণ ফাইনাল খেললে আপনার একটা সুযোগ থাকবে সোনা জেতার, তার আগে তো ফাইনাল পর্যন্ত যেতে হবে।’

এশিয়ান গেমসে ক্রিকেটের পাশাপাশি অন্য খেলাগুলো দেখার আগ্রহও রয়েছে লিটনের। সুযোগ পেলে অন্য দেশের ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলে শেখার কথাও জানান তিনি।