সাইফের ফিফটি, বল হাতে উজ্জ্বল মুস্তাফিজ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পিএম

এশিয়ান গেমসে অংশ নিতে জাপান যাওয়ার আগে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর অংশ হিসেবে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেন লিটন দাস, তানজিদ হাসান তামিমরা। আজ দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে আলো ছড়ান ওপেনার সাইফ হাসান। বোলিংয়ে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজুর রহমান।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে নুরুল হাসান সোহানের ‘বি’ দলকে ১১ রানে হারিয়েছে লিটনদের ‘এ’ দল।

টস জিতে ব্যাট করতে নেমে ‘এ’ দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান করে। ইনিংসের শুরু থেকেই দলের স্কোরবোর্ড সচল রাখেন সাইফ। ৫২ বলে ৭৭ রানের দারুণ ইনিংস খেলেন এই ওপেনার। তার ইনিংসে ছিল ২টি চার ও ৬টি ছক্কা। সাইফের সঙ্গে তানজিদ ও পারভেজ হোসেন করেন ২৪ রান করে। মাঝে তাওহীদ হৃদয় ১৩ রানে ফেরেন। শেষ দিকে ইয়াসির আলী ও শেখ মেহেদীর সমান ১০ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় ‘এ’ দল। ‘বি’ দলের হয়ে রিপন মন্ডল ২ উইকেট নেন।

১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ‘বি’ দল শুরুতে কিছুটা চাপে পড়ে। তবে মোসাদ্দেক হোসেনের ২২ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংসে ঘুরে দাঁড়ায় তারা। নাঈম শেখ ৪০ এবং নুরুল হাসান ২৯ রান করলেও শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রানে থামে ‘বি’ দল। এতে ১১ রানে জয় পায় ‘এ’ দল।

‘বি’ দলের রান তাড়ায় বড় ধাক্কা দেন মুস্তাফিজুর। বাঁহাতি এই পেসার ৩ ওভারে ৪৫ রান দিলেও গুরুত্বপূর্ণ ৩ উইকেট তুলে নেন। তার সঙ্গে হাসান মাহমুদ নেন ১টি, আর রিশাদ হোসেনও শিকার করেন ১ উইকেট।

সর্বশেষ সর্বাধিক পঠিত