iScreen-এ ভিকি জাহেদের ‘প্রাণভোমরা’

প্রাচীন বাংলার রূপকথায় পরিচিত ‘প্রাণভোমরা’র মিথকে আধুনিক ভালোবাসা, আবেগ ও রহস্যের সঙ্গে মিলিয়ে নির্মিত হচ্ছে নতুন ওয়েব সিরিজ ‘প্রাণভোমরা’। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় সিরিজটি আসছে iScreen Original Series হিসেবে।

এর আগে iScreen-এর ‘চক্র’ ও ‘চক্র ২’ ওয়েব সিরিজ নির্মাণ করে দর্শকদের মধ্যে সাড়া ফেলেন নির্মাতা ভিকি জাহেদ। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন ভিন্ন আবহ ও গল্পের ‘প্রাণভোমরা’। রূপকথার পরিচিত একটি মিথকে আধুনিক সময়ের ভালোবাসা, সম্পর্ক, আবেগ ও মনস্তাত্ত্বিক রহস্যের সঙ্গে যুক্ত করে সিরিজটির গল্প তৈরি করা হয়েছে।

সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে চ্যানেল আই স্টুডিও বারান্দায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড/চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা ভিকি জাহেদ, অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া।

প্রাচীন বাংলার রূপকথায় রাক্ষস-খোক্কসের প্রাণ যেমন কোনো রহস্যময় ভোমরার মধ্যে লুকিয়ে থাকত, ‘প্রাণভোমরা’য় সেই চিরায়ত মিথকেই নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। সিরিজটির গল্প আবর্তিত হয়েছে এক অদৃশ্য টান, গভীর ভালোবাসা ও অদ্ভুত এক অনুভূতিকে ঘিরে।

মানুষের শরীর হয়তো একসময় হারিয়ে যায়, কিন্তু তার ভেতরের অনুভূতি, আবেগ কিংবা ভালোবাসা কি সত্যিই কখনো মরে যায়? সেই অনুভূতির টানে কি অতীত আবারও ফিরে আসতে পারে? এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজতে এগিয়ে যাবে সিরিজটির গল্প।

নির্মাণসংশ্লিষ্টদের ভাষ্য, ছোটবেলায় ঠাকুরমার ঝুলিতে শোনা ‘প্রাণভোমরা’র গল্পকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে সিরিজটিতে। এখানে সত্যিকারের ভালোবাসাকে একটি প্রাণভোমরার সঙ্গে তুলনা করা হয়েছে। সেই ভালোবাসা কোথায় লুকিয়ে আছে, কেন তাকে খুঁজে বের করতে হবে এবং ভালোবাসাকে ধ্বংস করার প্রয়োজনই বা কেন—গল্পের বিভিন্ন বাঁকে ধীরে ধীরে উন্মোচিত হবে সেই রহস্য।

‘প্রাণভোমরা’ একটি রোমান্টিক মিথোলজিক্যাল থ্রিলার। সিরিজটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব ও শ্রেয়সী শ্রেয়া। এ ছাড়া গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে থাকছেন ইন্তেখাব দিনারসহ আরও কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী।

সিরিজটির শুটিং আগামী অক্টোবর মাসে শুরু হওয়ার কথা রয়েছে। শুটিং শেষ হওয়ার পর শিগগিরই iScreen-এর ওটিটি প্ল্যাটফর্মে ‘প্রাণভোমরা’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক ও প্রযোজনা-সংশ্লিষ্টরা।

রূপকথার পরিচিত মিথ, আধুনিক ভালোবাসা, রহস্য ও থ্রিল—সবকিছুর সমন্বয়ে ‘প্রাণভোমরা’ iScreen-এর দর্শকদের জন্য নতুন গল্পের অভিজ্ঞতা নিয়ে আসতে যাচ্ছে।