আফতাবনগর-বনশ্রীতে ডিএনসিসির স্টিল ফুটব্রিজ উদ্বোধন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

বনশ্রী-আফতাবনগর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে নির্মিত দৃষ্টিনন্দন ২ নম্বর স্টিল ফুটব্রিজ আজ বুধবার ( জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

উদ্বোধনকালে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, জনগণের উন্নয়নে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন, তা যথাসময়ে বাস্তবায়ন করেন। আফতাবনগর-বনশ্রী ২ নম্বর স্টিল ফুটব্রিজের উদ্বোধন তারই প্রমাণ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বনশ্রী-আফতাবনগরের যোগাযোগব্যবস্থা সহজ করা ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এই স্টিল ফুটব্রিজ নির্মাণ করা হয়েছে। দেশ ও জনগণের স্বার্থে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন এবং আমরা তা বাস্তবায়নে সহযোগিতা করছি।

প্রশাসক জানান, আফতাবনগর-বনশ্রী এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা সহজ করা, স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং যানজট নিরসনের জন্য তিনটি ব্রিজ নির্মাণের দাবি ছিল। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী দ্রুত তা বাস্তবায়নের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন তিনটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়।

তিনি বলেন, অন্য দুটি ব্রিজ নির্মাণের জন্য ভারী যন্ত্রপাতি বিদেশ থেকে জাহাজে করে আনতে হওয়ায় কিছুটা বিলম্ব হচ্ছিল। এ অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় যন্ত্রপাতি ব্যবহার করে জনগণের চলাচল ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য ২ নম্বর স্টিল ব্রিজ নির্মাণের কাজ হাতে নেওয়া হয় এবং দ্রুত তা বাস্তবায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আজ ব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।

ব্রিজটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলাকাবাসীর উল্লেখ করে ডিএনসিসি প্রশাসক বলেন, খালে যাতে কেউ ময়লা-আবর্জনা না ফেলে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন খালটি পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নেবে। খালটি পরিষ্কার, সংস্কার ও যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হলে এ এলাকাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

তিনি এলাকাবাসীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করতে নিয়মিত কর পরিশোধের আহ্বান জানান।

প্রশাসক বলেন, আজ ২ নম্বর স্টিল ফুটব্রিজ উদ্বোধন করা হয়েছে। বাকি দুটি ব্রিজের কাজও দ্রুত শেষ করার পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় দক্ষতার সঙ্গে এই ফুটওভারব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। মূল সড়কে যানজট নিরসন এবং এমআরটি প্রকল্পের কাজ চলাকালে বিকল্প যাতায়াতব্যবস্থা নিশ্চিত করতে এই ব্রিজের পাশে আরও দুটি স্থায়ী ব্রিজের কাজ চলমান রয়েছে। এসব ব্রিজ দিয়ে ভারী যানবাহনও চলাচল করতে পারবে।

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রশাসক বলেন, শুধু গাছ লাগালেই শহর সুন্দর হবে না, পরিবেশ পরিষ্কার রাখাও জরুরি। তাই আফতাবনগর ও বনশ্রীবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিচ্ছন্ন নগর গড়তে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অর্থায়নে নৌবাহিনীর তত্ত্বাবধানে ৮৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে তিনটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে আইডিয়াল স্কুলসংলগ্ন ১ নম্বর ব্রিজটির প্রস্থ ১৫ দশমিক ৪০ মিটার ও দৈর্ঘ্য ৩৮ মিটার, ফরাজী হাসপাতালসংলগ্ন ২ নম্বর ব্রিজটির প্রস্থ ৩ দশমিক ৮০ মিটার ও দৈর্ঘ্য ৪২ মিটার এবং মেরাদিয়া বাজারসংলগ্ন ৩ নম্বর ব্রিজটির প্রস্থ ১৫ দশমিক ৪০ মিটার ও দৈর্ঘ্য ৪৯ মিটার। প্রকল্পের আওতায় নির্মিত ২ নম্বর স্টিল ব্রিজটি আজ জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. রাকিব হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস, প্রকল্প পরিচালকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত