পুরোদমে প্রস্তুত হয়েই ফিরছেন রিচা চাড্ডা

বলিউডের সাহসী ও প্রভাবশালী অভিনেত্রী হিসেবে পরিচিত রিচা চাড্ডা । বিশেষ করে ‘মাসান’ কিংবা ‘ফুক্রে’ সিনেমার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তবে এ অভিনেত্রী দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে ছিলেন কিংবা ওটিটির প্রচার আলো থেকে অনেকটাই নিজেকে দূরে রেখেছিলেন। সঞ্জয় লীলা বানসালির ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’ সিনেমার অভূতপূর্ব সাফল্যের পর আর তাকে নতুন কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি তাকে। 

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রিচা চাড্ডা জানিয়েছেন,  সন্তান প্রসবের সময়টি তার জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত কঠিন ছিল। তিনি বলেন, ‘আমার নরমাল ডেলিভারি হয়েছিল এবং প্রসবের সময় প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে, আমার মস্তিষ্ক কাজ করছিল না। স্বাস্থ্যগতভাবে পুরোপুরি ফিট হতে আমার দীর্ঘ সময় লেগেছে।' 

এ অভিনেত্রী বলেন, শুধু সন্তান সামলানোই নয়, সন্তান জন্মের মাত্র কয়েক মাসের মধ্যেই প্রযোজক হিসেবে নিজের প্রথম সিনেমা ‘গার্লস উইল বি গার্লস’ ওটিটিতে মুক্তির কাজ তদারকি করতে হয়েছিল। তিনি বলেন, প্রযোজক হিসেবে ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে ডিল, প্রচার আর ছোট বাচ্চার যত্ন নেওয়া— সব মিলিয়ে শরীর আর কুলাচ্ছিল না। ডাক্তার আমাকে বাধ্য হয়েই বিশ্রামে যেতে বলেছিলেন বলে জানান রিচা চাড্ডা। 

তবে কঠিন সময় পেরিয়ে এখন একদম ফিট এবং পুরোদমে কাজ শুরু করতে প্রস্তুত বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও তিনি একটি ওটিটি শোর কাজ শেষ করেছেন এবং ‘মুসাফিরি’ নামে একটি বিশেষ নন-ফিকশন সিরিজের গবেষণা শেষ করেছেন। তবে শিগগির নতুন এ সিনেমার শুটিং ফ্লোরে নিয়ে ফিরছেন তিনি। 

প্রগতিশীল নারী চরিত্র নিয়ে মন্তব্য করতে গিয়ে ক্ষোভ প্রকাশ করে রিচা চাড্ড বলেন, ‘পুরুষদের লেখা প্রগতিশীল নারী চরিত্রের চেয়ে নারীদের নিজেদের লেখা চরিত্র অনেক বেশি বাস্তবসম্মত হয়। পুরুষ লেখকরা নারী স্বাধীনতা বোঝাতে শুধু একটি মদের বোতল হাতে ধরিয়ে দিয়েই দায়িত্ব শেষ করেন।’