সব বিদেশি শিল্পীর কনসার্ট স্থগিত!

বিভিন্ন কারণে একের পর এক বাতিল অথবা স্থগিত হয়ে যাচ্ছে পাকিস্তানসহ সব বিদেশি শিল্পীর কনসার্ট। এরইমধ্যে নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে পাকিস্তানি শিল্পীদের দুটি কনসার্ট। আয়োজক সূত্রে জানা গেছে, সব প্রস্তুতি ঠিক থাকলেও নিরাপত্তাজনিত ছাড়পত্র না পাওয়ায় কনসার্ট দুটির অনুমতি মেলেনি।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ‘মাহাক্স রিপাবলিক’ শিরোনামে কনসার্টের এক আয়োজক বলেন, ‘সবকিছুই ঠিক ছিল, শিল্পীদের অ্যাডভান্স পারিশ্রমিকও দেওয়া সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে অনুমতি না পাওয়ায় কনসার্টটি স্থগিত করতে হচ্ছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’ 

ঠিক একই কারণে পাকিস্তানের আরেক ব্যান্ড ‘কাভিশ’-এর ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ শিরোনামের কনসার্টটিও বাতিল করা হয়েছে। এটি আয়োজনের দায়িত্বে ছিল ‘প্রাইম ওয়েভ কমিউনিকেশন’। ২৫ সেপ্টেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘রেডমি নোট ১৭’ নিবেদিত ‘মাহাক্স রিপাবলিক’ শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে একই মঞ্চে গান পরিবেশন করার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় তিন ব্যান্ড—‘ভয়েস অব জুনুন’, ‘জাল দ্য ব্যান্ড’ ও ‘রক্সেন’ (ফিচারিং)। তাদের সঙ্গে কনসার্টে বাংলাদেশের চারটি ব্যান্ড: ‘নেমেসিস’, ‘লেভেল ফাইভ’, ‘শিরোনামহীন’ ও ‘নগর বাউল’ (জেমস)-এর পারফর্ম করার কথা ছিল। 

এই কনসার্টের পরদিনই পাকিস্তানের আরেক জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’-এর পূর্বাচলের ‘সি শেল পার্ক অ্যান্ড রিসোর্ট’-এ পারফর্ম করার কথা ছিল। নিরাপত্তার কারণে সেটিও স্থগিত করা হয়েছে। তবে আয়োজকদের পক্ষ থেকে খুব দ্রুতই কনসার্টগুলোর নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। এই দুটি ছাড়াও আরও তিন বিদেশী শিল্পীদের নিয়ে আয়োজিত তিনটি কনসার্ট স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।