বড় মঞ্চে দুর্দান্ত ফেন্সিং

এশিয়ান গেমসে বৃহস্পতিবার দিনটি ছিল আনন্দ-বেদনার দিন। যদিও সকালটা শুরু হয়েছিল বেদনা দিয়ে। পুরুষ কাবাডিতে ভারত ও চাইনিজ তাইপের ম্যাচের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু তাইপে কম ব্যবধানে হারায় বিদায় নেয় বাংলাদেশ। বিকেলে অবশ্য দেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের সেমিফাইনাল নিশ্চিতে কিছুটা আনন্দ যোগ হয়েছে লাল-সবুজের শিবিরে।

পুরুষদের ব্যক্তিগত ইপিতে দুর্দান্ত খেলেছেন ইমতিয়াজ। কাতারের আবদুল রহমান আলজাদরার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত হেরে গেছেন ৫-৩ পয়েন্টে। আরেক খেলায় হংকং চায়নার হো তিনের কাছে ৫-২ পয়েন্টে হারেন। তৃতীয় খেলায় কাজাখস্তানের উলু ইলিমের কাছে ৫-২ পয়েন্টে হেরেছেন ইমতিয়াজ। অবশ্য চতুর্থ খেলায় পাকিস্তানের মোহাম্মদ ওয়াকাসকে ৫-৪ পয়েন্টে হারিয়ে দেন তিনি। পঞ্চম খেলায় স্বাগতিক মাসারু ইয়ামাদার কাছে সরাসরি ৫-০ পয়েন্টে হেরেছেন ইমতিয়াজ। তৃতীয় পুলে বাংলাদেশের আরেক ফেন্সার হাসান আলী তাজিকিস্তানের আসকারসোহোজোদারকে ৫-৩ সেটে হারান। তবে পরে কাজাখস্তানের কোরবানভের কাছে ৫-০ পয়েন্টে, চীনের মিঙ্গাওয়ের কাছে ৫-১ পয়েন্টে, সিঙ্গাপুরের জিয়ান তংয়ের কাছে ৫-৩ পয়েন্টে, ফিলিপাইনের জিয়া মিগুয়েলের কাছে ৫-৪ পয়েন্টে হারেন।

হকিতে প্রথম জয়

চলমান এশিয়ান গেমসে প্রথম জয়ের দেখা পেয়েছে হকির ছেলেরা। দিনের শুরুতে তারা ৫-১ গোলে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার ও পেনাল্টি স্ট্রোক থেকে দুটি, পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম দুটি এবং মাহবুব হাসান এক গোল করেন।

এক জয় বিচ ভলিবলে

ছেলেদের প্রিলিমিনারি স্টেজে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে লাল-সবুজের রাতুল আহমেদ ও সৈকত রাকেশ জুটি ২-১ সেটে হারিয়েছে মালদ্বীপের নাসিম আদম ও  সাজিদ ইসমাইল জুটিকে।

হারের বৃত্তে টেবিল টেনিস

হারের বৃত্তে হাবুডুবু খাচ্ছে লাল-সবুজের টেবিল টেনিস। দলগত, দ্বৈতের পর এবার এককেও হার দেখেছে বাংলাদেশ। মঙ্গোলিয়ার বিলগুনের কাছে দুই সেটে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-২ সেটে হেরেছেন মোহতাসিন আহমেদ হৃদয়। অন্যদিকে বাহরাইনের মোহাম্মদ সালেহের কাছে ৪-১ সেটে হারেন রামহিম লিয়ন বম।