‘যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে স্বাগত জানাচ্ছে’: গ্রেপ্তারের পর আইনবেইন্ডার

সারা বিশ্বের দৃষ্টি যেন এখন জাতিসংঘ অধিবেশনের দিকে। এরইমধ্যে নিউইয়র্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন হলিউড অভিনেত্রী হান্না আইনবেইন্ডার। জাতিসংঘের সদর দপ্তরের বাইরে বিক্ষোভে অংশ নেওয়ার সময় তাকে আটক করে নিউইয়র্ক পুলিশ। বৃহস্পতিবারের ওই বিক্ষোভ থেকে শতাধিক মানুষকে আটক করা হয় বলে জানিয়েছে আয়োজক সংগঠন জিউইশ ভয়েস ফর পিস। গ্রেপ্তাতারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে হান্না বলেন, তার গ্রেপ্তারের ছবি নিয়ে আলোচনার বদলে গাজায় চলমান যুদ্ধ ও সেখানকার মানুষের পরিস্থিতির দিকে মানুষের মনোযোগ দেওয়া উচিত। 

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া বিবৃতিতে ‘হ্যাকস’ তারকা লিখেছেন, নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের প্রতিবাদ করতে গিয়ে তাকে ও তার বন্ধুদের গ্রেপ্তারের ছবি যদি মানুষের দৃষ্টি আকর্ষণ করে, তাহলে সেই মনোযোগ ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননের মানুষের পরিস্থিতির দিকে যাওয়া উচিত। তিনি গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, বসতি স্থাপনকারীদের হামলা, বাড়িঘর ধ্বংস এবং বোমা হামলার মতো বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরেন। হান্না তার বিবৃতিতে যুক্তরাষ্ট্র সরকারেরও সমালোচনা করেন। তার দাবি, এসব সহিংসতা, লুটপাট ও ভূমি দখল বন্ধ করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তবে তার অভিযোগ, যুক্তরাষ্ট্র সরকার নেতানিয়াহুকে স্বাগত জানাচ্ছে। তিনি আরও বলেন, নেতানিয়াহুর মতো ব্যক্তিদের সুরক্ষা ও সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান-উভয় দলই দায়ী। বিবৃতির শেষ দিকে হান্না লেখেন, ‘এই প্রদর্শনীকে মূল ঘটনা বলে ভুল করবেন না। গণহত্যাই শিরোনাম, আর এখন এটি বন্ধ করার সময়।’ 

জিউইশ ভয়েস ফর পিসের আয়োজনে জাতিসংঘের সদর দপ্তরের কাছে এই বিক্ষোভে শত শত মানুষ অংশ নেন। আয়োজকদের দাবি, ১০৪ জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকারীরা ফার্স্ট অ্যাভিনিউ অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের পক্ষে প্ল্যাকার্ড বহন করেন। হান্নার সঙ্গে অভিনেত্রী সুসান সারান্ডন, কৌতুক অভিনেতা ক্যালেব হিয়ারন ও হুইসেলব্লোয়ার চেলসি ম্যানিংসহ আরও অনেকে আটক হন। বিক্ষোভে অভিনেত্রী সিনথিয়া নিক্সন, এলিয়ট পেজ, ইন্দিয়া মুর, কৌতুক অভিনেত্রী সারা শারম্যান ও মেরি বেথ বারোন এবং সংগীতশিল্পী লুসি ডাকাস ও জুলিয়েন বেকারকেও দেখা যায়। তবে হান্না ও সুসানকে আটকের বিষয়টি বিভিন্ন প্রতিবেদনে নিশ্চিত করা হলেও নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে প্রত্যেকের আটকের বিষয়ে আলাদা করে নিশ্চিত করা হয়নি।