রাশিয়ার অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় এক রুশ অভিনেত্রী নিহত হয়েছেন।বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রুশ সেনাদের ছুটির দিন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছিলেন পলিনা মেনশিখ নামের ওই মঞ্চ শিল্পী।
গত ১৯ নভেম্বর দোনেৎস্কের কুমাচোভ গ্রামের একটি নৃত্যশালায় পলিনার পরিবেশনা চলাকালে সেখানে আঘাত হানে ইউক্রেনের শেল। এতে পলিনাসহ অন্তত ২০ রুশ সেনা প্রাণ হারায় বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়ার তরফ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
কুমাচোভ গ্রামটি একেবারে যুদ্ধক্ষেত্রের কাছে অবস্থিত। এরকম ঝুঁকিপূর্ণ জায়গায় এই অভিনেত্রীকে দিয়ে এমন অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার সামরিক ব্লগাররা। তারা তিরস্কার করে বলেন, যুদ্ধক্ষেত্রের এতো কাছে এক জায়গায় এত সেনাকে নিয়ে এসে এমন আয়োজন করাই উচিৎ হয়নি।
