বলিউড অভিনেতা মুস্তাক খান আর নেই

বলিউডের জনপ্রিয় পার্শ্বচরিত্র ও কৌতুক অভিনেতা মুস্তাক খান আর নেই। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন এই অভিনেতা। পাঁচ বছর আগে রোগটি শনাক্তের পর সুস্থ হলেও সম্প্রতি ক্যানসারের ভয়াবহতা আবার ফিরে আসে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৮০ সালে ‘অ্যালবার্ট পিন্টো কো গুসসা কিউ আতা হ্যায়’ সিনেমা দিয়ে পথচলা শুরু করেন তিনি। চার দশকের ক্যারিয়ারে ‘আশিকি’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘জোড়ি নম্বর ওয়ান’ ও ‘মুঝসে শাদি করোগি’র মতো বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তবে ২০০৭ সালের হিট ছবি ‘ওয়েলকাম’-এ তার বলা ‘মেরা এক টাং নকলি হ্যায়’ সংলাপটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে। মধ্যপ্রদেশের বালাঘাটে জন্ম নেওয়া গুণী এই অভিনেতার মৃত্যুতে বলিউডে গভীর শোক নেমে এসেছে।