দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার নতুন সিনেমা হাই (ঐর) এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। গত ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর ২৫ সেপ্টেম্বর থেকে জি-৫-এ সিনেমাটির অনলাইন স্ট্রিমিং শুরু হয়েছে। মূল তামিল ভাষার পাশাপাশি এটি তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় উপভোগ করতে পারবেন দর্শকরা। ফলে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলের দর্শক নতুন করে ছবিটির স্বাদ নেওয়ার সুযোগ পাচ্ছেন। ‘হাই’ সিনেমাটি পরিচালনা করেছেন বিষ্ণু এদাভান, যা তার ক্যারিয়ারের প্রথম নির্দেশনামূলক কাজ। ছবিতে নয়নতারার বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তরুণ তারকা কাভিন। প্রায় চার সপ্তাহ প্রেক্ষাগৃহে সাফল্যের সঙ্গে চলার পর ডিজিটাল দুনিয়ায় পা দিল রোমান্টিক-ড্রামা ঘরানার এই চলচ্চিত্রটি।
শুধু মূল চরিত্রে অভিনয়ই নয়, সিনেমাটির প্রযোজনাতেও জড়িয়ে আছেন নয়নতারা। তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন ভিগনেশ শিবন ও এসএস ললিত কুমার। ছবিটির আবহ ও গান পরিচালনা করেছেন জেন মার্টিন। তারকা বহুল এ সিনেমায় নয়নতারা ও কাভিনের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কে ভাগ্যরাজ, রাধিকা শরৎকুমার, প্রভু এবং ভিটিভি গণেশ।
দক্ষিণী চলচ্চিত্রে অভিনেত্রী হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে নয়নতারা যেমন প্রতিভার স্বাক্ষর রেখেছেন, তেমনি প্রযোজক হিসেবেও নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। এবার চার ভাষায় ডিজিটালি উন্মুক্ত হওয়ায় ছবিটি ওটিটি দর্শকদের মাঝে কেমন সাড়া জাগায়, সেটাই দেখার বিষয়।