বিটিভির ধারাবাহিক ‘বিরোধ’-এ সুব্রত, ছবি ও ইমু

সাজ্জাদ হোসেন দোদুলের রচনা ও পরিচালনায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘বিরোধ’। পারিবারিক প্রেক্ষাপটে নির্মিত এই নাটকটি অল্প সময়েই দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। বিটিভির পাশাপাশি এটি নিয়মিত ইউটিউবেও দেখা যাচ্ছে।

নাটকটিতে বাবার চরিত্রে অভিনয় করে নতুন করে প্রশংসিত হচ্ছেন নন্দিত অভিনেতা সুব্রত। এর আগে তিনি দোদুলের তিনটি ধারাবাহিকে কাজ করেছেন। পাশাপাশি দীপ্ত টিভিতে তার ‘রূপনগর’ ধারাবাহিকটির প্রচার সদ্যই শেষ হলো।

অন্যদিকে ‘শিউলী’ চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের ভালোবাসা কুড়াচ্ছেন অভিনেত্রী ফারজানা ছবি। পারিবারিক গল্পের নাটক নির্মাণের এ নতুন ধারাকে ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। ফারজানা ছবি সম্প্রতি লিটু করিমের ‘লোভী মন’ একক নাটকের কাজ সম্পন্ন করেছেন।

এ ছাড়া ‘শেফালী’ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেত্রী ইমু শিকদার। বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলের দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় দারুণ অনুপ্রাণিত তিনি। ভোলায় জন্মগ্রহণ করা ইমুর অভিনয়ে যাত্রা শুরু ‘বংশগতি’ নাটক দিয়ে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জুলুম’, ‘তুমি আমার কে’, ‘ইউসুফ জুলেখা’ ও ‘বিষফুল’।