কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মথুরা’

দুটি মন এক হলেও বাস্তবতার কারণে যাদের পথ আলাদা হয়ে যায়, সেই অধরা প্রেমের অনুভূতি নিয়ে এলো কোক স্টুডিও বাংলা। সিজন ৪-এর পঞ্চম গান ‘মথুরা’ মূলত বিরহ আর অপূর্ণ ভালোবাসার এক সেমি-ক্লাসিক্যাল মেলোডি।

রাধা-কৃষ্ণ কিংবা লায়লী-মজনুর মতো যেসব প্রেম বাস্তবে পূর্ণতা পায় না, অথচ স্মৃতিতে চিরভাস্বর হয়ে থাকে, সেই আকুলতাই গানটিতে ফুটিয়ে তোলা হয়েছে। অঙ্কন কুমার রায়ের কথা ও সুরে ‘মথুরা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা এবং অঙ্কন নিজে। আর এর নতুন আবহের সংগীত আয়োজন করেছেন শুভেন্দু দাস শুভ।

তিনজনের সমন্বিত পরিবেশনায় বিরহের খাঁটি দরদ ফুটে উঠেছে দারুণভাবে। সম্পর্কের ইতি ঘটলেও হৃদয়ে জমে থাকা প্রেমের যে রেশ থেকে যায়, সেটাই যেন এই সুরের মূল রসদ। গানটি এখন কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে উপভোগ করা যাচ্ছে।