ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের হারে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ফিফার এই নতুন টুর্নামেন্টে লাল-সবুজদের এই হারের পেছনে বড় ভূমিকা ছিল রক্ষণভাগের মারাত্মক কিছু ভুল। বিশেষ করে ডিফেন্ডার শাকিল আহাদ তপুর ভুলটি ছিল চোখে পড়ার মতো। যার দায় সম্পূর্ণ নিজের কাঁধে তুলে নিয়ে সমর্থকদের কাছে আন্তরিকভাবে ক্ষমাও চেয়েছেন এই তরুণ ফুটবলার।
ম্যাচের ১৮ মিনিটে প্রতিপক্ষের নোয়া লাইনের বাড়ানো লং বল ক্লিয়ার করার সুবর্ণ সুযোগ থাকলেও ডিফেন্ডার শাকিল আহাদ তা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হন। সেই সুযোগ কাজে লাগিয়ে আরিফ আইমান দারুণ এক শটে মালয়েশিয়াকে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষভাগে ৩৭ মিনিটে সেই ভুল আরও বড় আকার ধারণ করে। বক্সের সামনে সতীর্থের কাছ থেকে পাওয়া বল পায়ে রাখতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন শাকিল। প্রতিপক্ষের স্টুয়ার্ট উইলকিনের সামান্য চাপেই বল হারিয়ে ফেললে, সেই বল পেয়ে সহজেই নিজের দ্বিতীয় গোল তুলে নেন সেই আরিফই।
নিজের ভুল এবং দলের এই বিপর্যয়ের পর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে শাকিল আহাদ লেখেন, ‘আজ ফুটবল ম্যাচে আমাদের পরাজয়ের পর থেকেই আমার খুব খারাপ লাগছে এবং এই হারের জন্য আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ফুটবল একটি দলীয় খেলা এবং জয়-পরাজয় এর অংশ, কিন্তু আমার ভুলের কারণে পুরো দল ক্ষতিগ্রস্ত হওয়ায় আমি নিজের দায়িত্ব এড়াতে পারি না।’
ভুলের চোরাবালি থেকে শিক্ষা নিয়ে দ্রুত মাঠে ফেরার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও যোগ করেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি, এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমি আমার দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য আরও কঠোর অনুশীলন করব। আগামী ম্যাচগুলোতে যাতে দলের জয়ে আমি অবদান রাখতে পারি, সেই সর্বোচ্চ চেষ্টা আমার থাকবে। আশা করি আপনারা আমার এই অনিচ্ছাকৃত ভুলটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও আমার আজকের ভুলের জন্য আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত।’
আসিয়ান কাপে লাল-সবুজদের পরের ম্যাচ আগামী সোমবার। সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।