আবারও মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটের নকআউট পর্বে প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। জাপানের নিশিনে বৃষ্টির কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হওয়ায় কপাল খুলেছে মালয়েশিয়ার। এতে ‘বি’-গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। সেখানে শেষ ওঠার লড়াইয়ে বাংলাদেশের মুখোমুখি হবে দলটি।

এর আগে ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসের কোয়ার্টার-ফাইনালেও এই মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, যেখানে রোমাঞ্চকর লড়াইয়ে মাত্র ২ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছিল লাল-সবুজরা। পুরনো সেই স্মৃতি রোমন্থন করে আবারও মালয়েশিয়ায় বিপক্ষে নামবে শান্ত-লিটনরা। 

আজ শনিবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল ওমানের। কোয়ার্টার ফাইনালে যেতে হলে ম্যাচ জয়ের বিকল্প ছিল না ওমানিদের। তবে টানা বৃষ্টির কারণে ম্যাচের টসটুকুও করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুই দলকে। এই সুবাদে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া।

অন্যদিকে দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করে আসর থেকে বিদায় নেয় ওমান। আর গ্রুপ পর্বে দুই ম্যাচে দুই পয়েন্ট পাওয়া হংকং রানার্স-আপ হয়ে নকআউটে জায়গা করে নেয়। সেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। 

অন্যদিকে ‘এ’-গ্রুপের সেরা নেপাল কোয়ার্টার ফাইনালে লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। আর শক্তিশালী ভারতের মুখোমুখি হতে হবে আফগানিস্তানকে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী র‍্যাঙ্কিংয়ের হিসেবে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান আগেই সরাসরি কোয়ার্টার-ফাইনালে অবস্থান করায় গ্রুপ পর্বের সমীকরণগুলো এখন রূপ নিয়েছে নকআউটের লড়াইয়ে। কোয়ার্টার ফাইনালে লিটনরা জিতলে সেমিতে তাদের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা বা নেপাল।

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টায়। একই দিন ভোর ৬টায় কোয়ার্টার ফাইনালে অপর ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কা। নকআউটের এই পর্বের বাকি দুই ম্যাচ হবে আগামী সোমবার।