টাঙ্গাইলের মির্জাপুরে বাসের ধাক্কায় রুদ্র (১৩) ও ঝলক (১৪) নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জামুর্কি বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুদ্র জামুর্কি এলাকার ডালিমের ছেলে। ঝলক গাজীপুরের সফিপুর এলাকার পঞ্চুর ছেলে। ঝলক রুদ্রদের বাড়িতে বেড়াতে এসেছিল। সে রুদ্রর কাকার শ্যালক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে রুদ্র ও ঝলক জামুর্কি বাজার থেকে কেনাকাটা করে রাস্তা পার হচ্ছিল। এ সময় মধুপুর থেকে টাঙ্গাইলের দিকে আসা বিনিময় পরিবহনের একটি বাস তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুদ্র ও ঝলকের মৃত্যু হয়।
এ বিষয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনার কারণ ও বাসটির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।