যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের পরিবর্তে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বরিশাল বিভাগীয় যুব পরিচালক ইয়াসির আরাফাত।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোলা জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামী জেলা যুব বিভাগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইয়াসির আরাফাত বলেন, শেখ মুজিব যেমন যুবকদের দিয়ে রক্ষী বাহিনী তৈরি করেছিলেন, তেমনি বর্তমান সরকার যুবকদের দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করেছে। যাদের টেন্ডারবাজি, লুটতরাজ, দখল এবং দেশের বিভিন্ন নৈরাজ্যে ব্যবহার করা হচ্ছে। দেশের যুবসমাজ আজ বেকার হয়ে পড়ে আছে অথচ যুবকদের উন্নয়নে বরাদ্দকৃত কোটি কোটি টাকার সঠিক কোনো সদ্ব্যবহার হচ্ছে না।
জামায়াতে ইসলামী যুবকদের দেশের সম্পদে পরিণত করতে চায় উল্লেখ করে তিনি জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থান যুবকদের হাত ধরেই সংঘটিত হয়েছিল এবং জামায়াত সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায়।
ভোলা জেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি অধ্যাপক আমির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি কাজী হারুনুর রশিদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সেক্রেটারি নিজামুল হক নাঈম এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ আব্বাস উদ্দিন, জামাল উদ্দিন ও কামাল হোসেন।
ভোলা জেলার বিভিন্ন এলাকার যুব বিভাগের প্রতিনিধিদের অংশগ্রহণে সম্মেলন শেষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।