মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে চালকের মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ এএম

ভোলার ইলিশায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জালাল আহম্মেদ (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ভোলা-ইলিশা সড়কের ইলিশা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জালাল আহম্মেদ ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরমোনষা গ্রামের মৃত আফতার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভোলা থেকে একটি অটোরিকশা ইলিশার দিকে যাচ্ছিল। ইলিশা রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক জালাল আহম্মেদ গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত