ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের বিশাল আকৃতির একটি ব্ল্যাক কার্প মাছ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাছটি ইলিশা জংশনের তালতলী মাছঘাটে আনা হলে এটি দেখতে স্থানীয় মানুষ ও মাছ ব্যবসায়ীদের ভিড় জমে যায়। পরে মাছটি কেনার জন্য ক্রেতা ও আড়তদারদের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি।
মাছঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার জেলে মো. সুলতান সরদার জোয়ারের সময় মেঘনা নদীতে জাল ফেলেন। জাল তোলার সময় তার জালে বিশাল আকৃতির ব্ল্যাক কার্পটি ধরা পড়ে। পরে মাছটি তালতলীর ফকির দালালের আড়তে নেওয়া হয়।
সন্ধ্যায় মাছটি ঘাটে তোলা হলে সেটি দেখতে স্থানীয় লোকজন ও মাছ ব্যবসায়ীরা ভিড় করেন। মাছটি কেনার জন্য উপস্থিতদের মধ্যে শুরু হয় দর হাঁকাহাঁকি। একপর্যায়ে ঘাটে উপস্থিত লোকজন ও আড়তদাররা মিলে মাছটির দাম নির্ধারণ করেন ১৭ হাজার ৫০০ টাকা। পরে ১৮ জন মিলে মাছটি ভাগ করে নেন।
ভোলা সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভুঁইয়া জানান, ছবিটি দেখে মাছটিকে ব্ল্যাক কার্প বলেই মনে হচ্ছে। এটি বাংলাদেশের দেশীয় মাছ নয়। পূর্ব এশিয়া, বিশেষ করে চীন অঞ্চলের এই কার্পজাতীয় মাছ বাংলাদেশে সীমিত পরিসরে পুকুরে চাষ করা হয়। এর প্রধান খাদ্য শামুক ও ঝিনুক।
তিনি বলেন, নদীতে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য ও অনুকূল পরিবেশ পেলে ব্ল্যাক কার্প দ্রুত বড় হতে পারে। পুকুরে সাধারণত ১০ থেকে ১২ কেজি ওজনের ব্ল্যাক কার্প দেখা গেলেও নদীতে ৩০ কেজি বা তারও বেশি ওজনের হতে পারে। বন্যা বা বর্ষার পানিতে চাষের পুকুর থেকে বেরিয়ে নদীতে গিয়ে মাছটি বড় হয়ে থাকতে পারে।
এর আগে ভোলার ইলিশা তালতলী মাছঘাটে বড় আকৃতির ইলিশ ধরা পড়ার ঘটনাও ঘটেছে। তবে এবার ২৪ কেজি ওজনের ব্ল্যাক কার্প ধরা পড়ায় শুক্রবার সন্ধ্যায় ঘাটজুড়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।