ইন্দোনেশিয়ার সঙ্গে ম্যাচ নিয়ে ভাবনা এখন

প্রথমবারের মতো ফিফা টুর্নামেন্টে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচ শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে। খুব স্বাভাবিক রোমাঞ্চিত হওয়া। কিন্তু শেখ মোরসালিন সুযোগ পেলেন না প্রথম একাদশে। তাতে কি, দল জিতলেই তো হয়। সেটিও হলো না। মোরসালিনকে দ্বিতীয়ার্ধে কোচ থমাস ডুলি বদলি হিসেবে নামিয়েছেন বটে, তাতে ফলাফলে কোনো পরিবর্তন হয়নি। ম্যাচে ৩-০ গোলে হেরে মাঠ ছেড়েছে লাল-সবুজের দল। এই ম্যাচে বাংলাদেশ কোচের কিছু সিদ্ধান্ত নিয়ে এখন আলোচনা-সমালোচনা হচ্ছে, তবে খেলোয়াড় হিসেবে শেখ মোরসালিন তাকিয়ে পরের ম্যাচ তথা সিঙ্গাপুর ম্যাচের দিকে।

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার সিঙ্গাপুরকে মোকাবিলা করবে বাংলাদেশ। ম্যাচটি গড়াবে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে। যেখানে প্রথম ম্যাচে মালয়েশিয়ার সঙ্গে খেলেছে বাংলাদেশ।

এই ম্যাচের আগে বাংলাদেশ দল মাঝে সময় পেয়েছে দ্ইু দিন। ইন্দোনেশিয়ায় আজ দলের খেলোয়াড়েরা দুই রকমভাবে দিন পার করেছে। মালয়েশিয়া ম্যাচে যারা গেম টাইম বেশি পেয়েছেন তাদের জন্য ছিল রেস্ট ডে। আর যারা ওই ম্যাচে গেম টাইম কম পেয়েছেন বা একেবারেই মাঠে নামা হয়নি তারা এদিন মাঠের অনুশীলনও করেছেন। মোরসালিন ছিলেন দ্বিতীয় দলে। অনুশীলন শেষে আগের ম্যাচ নিয়ে তার ভাবনা এমন, ‘অবশ্যই আমরা জিততে চেয়েছি। কিন্তু জিততে পারিনি, এজন্য সবাই একটু... স্বাভাবিক ম্যাচ হারার পরে খারাপ লাগবে।’

প্রথম ম্যাচে হারলেও সব শেষ হয়ে যায়নি। গ্রুপ সেরা হতে হলে পরের ম্যাচে পয়েন্ট পেতে হবে। বাংলাদেশ তাকিয়ে তাই সিঙ্গাপুর ম্যাচের দিকে। মোরসালিন বলেন, ‘আমরা এখন চিন্তা করছি পরের ম্যাচটা নিয়ে। কীভাবে পরের ম্যাচটি জিতব ওই পরিকল্পনা করছি। আমরা তো এখানে জিততে এসেছি। সবার মনে করা উচিত আমরা এই টুর্নামেন্ট জিততে এসেছি। তাই আমরা পরের ম্যাচ জিততে চাই, এটা আমাদের টার্গেট।’

সিঙ্গাপুর অবশ্য বাংলাদেশের জন্য চেনা প্রতিপক্ষ। কেননা এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে এই সিঙ্গাপুরের বিপক্ষে দুটি দারুণ ম্যাচ খেলেছে বাংলাদেশ। ঘরের মাঠের চরম উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে বাংলাদেশ হেরে যায় ২-১ ব্যবধানে। আর অ্যাওয়ে ম্যাচে প্রায় রুখেই দিয়েছিল সিঙ্গাপুরকে। কিন্তু শেষ পর্যন্ত ১-০ গোলে হারতে হয় তখনকার হাভিয়ের কাবরেরার দলকে। এবার আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচ সিঙ্গাপুর ০-২ গোলে হেরেছে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে।