ভবনের কার্নিশ বেয়ে চুরির চেষ্টার সময় নিচে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ভবনে কার্নিশ বেয়ে চুরি করতে উঠার সময় নিচে পড়ে হৃদয় (২৬) নামে এক যুবক মারা গেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে কামরাঙ্গীরচর মাদবর বাজার এই ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। 

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব হোসাইন বলেন, হৃদয়ের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলোছিয়া গ্রামে। তার বাবার নাম মো. শাহজাহান। বর্তমানে কামরাঙ্গীরচর পাকাপোল এলাকায় থাকত।

এসআই আরও বলেন, হৃদয় নামে ওই যুবক গত রাতে মাদবর বাজার এলাকার একটি ৩ তলা বাড়ির কার্নিশ বেড়ে বিল্ডিংয়ের ভিতরে ঢোকার চেষ্টা করছিল। তখন সেখান থেকে নিচে পড়ে মারা যান। প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে তিনি ভবনটিতে চুরি করতে উঠেছিলেন। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

হৃদয়ের বড় ভাই মো. কাওসার জানান, হৃদয়ের ৩ মাস বয়সি একটি ছেলে সন্তান রয়েছে। তিনি অটোরিকশা চালাতেন। মাদকাসক্তও ছিলেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাসা থেকে বের হয়ে তিনি আর বাসায় ফিরেননি।