প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১ অক্টোবর ফেনী সফর করবেন। তিনি ‘ফেনী জেলাধীন পরশুরামের মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন। এর আগে ১৭ সেপ্টেম্বর সফরের কথা থাকলেও তা স্থগিত হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, সকালে পরশুরামের ঘাটঘর এলাকায় প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে জনসভাতে বক্তব্য রাখবেন তিনি। এরপর ফুলগাজীতে এসে প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে শুরুতে খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ ও পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া উপজেলার সরকারি দপ্তরে স্থাপিত ৯৬২ দশমিক পাঁচ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেলের উদ্বোধন করবেন।
দুপুর ৩টায় প্রধানমন্ত্রী ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা, কৃষক কার্ড এবং দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষদের জন্য সহযোগিতা কার্যক্রমে অংশ নেবেন। পরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে আনুষঙ্গিক প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে রয়েছে। পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরির প্রস্তুতি চলছে। জনসভাস্থলে মঞ্চ, উদ্বোধনী ফলকের স্থানসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরির কাজ প্রায় শেষ দিকে।
‘ফেনী জেলাধীন পরশুরামের মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পটি গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা। প্রকল্পের আওতায় নদী ও জলাধার পুনঃখনন, বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ এবং সেচ অবকাঠামো সংস্কারের কাজ করা হবে।