গোবিপ্রবিতে বিশ্ব ফার্মেসি দিবস পালিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মেসি দিবস পালিত হয়েছে। ‘স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনটি পালন করেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর)সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় চত্বরে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। শোভাযাত্রা শেষে কেক কাটার আয়োজন করা হয়।

পরে অনুষ্ঠিত হয় আলোচনা ও সেমিনার। ড. তরিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. মো. আতাউর রহমান, গোপালগঞ্জ মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. গোলাম মোর্শেদ মোল্লা, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. খোসরুল আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফার্মেসি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী। সেমিনারে ফার্মাসিস্টদের ভূমিকা, স্বাস্থ্যসেবায় তাদের অবদান এবং ভবিষ্যৎ স্বাস্থ্য ব্যবস্থায় ফার্মেসি পেশার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।