গোপালগঞ্জে হামলা হলে পুরো জেলা অন্ধকারের শঙ্কা!

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম

রাজনৈতিক কারণে বিদ্যুৎ অবকাঠামো, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। এতে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সব শ্রেণির গ্রাহককে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু না করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।

ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন এ সতর্কবার্তা দিয়েছেন।

এ বিষয়ে তিনি বলেন, গত ১৯ নভেম্বর ১০০ থেকে ১৫০ জনের একটি দল তাঁর কার্যালয় কম্পাউন্ডে প্রবেশ করে। এ সময় কার্যালয়ের একটি কাচ ভাঙচুর করা হয় এবং শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর হামলার আশঙ্কায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বাইরে গিয়ে দায়িত্ব পালন করতে ভয় পাচ্ছেন।

মো. মাঈন উদ্দিন আরও বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তা-কর্মচারীদের মাঠপর্যায়ে কাজ করতে হয়। কিন্তু তাঁদের ওপর কিংবা কাজের জন্য ব্যবহৃত যানবাহনে হামলা হলে স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়বে। কর্মীরা দায়িত্ব পালন করতে না পারলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি পুরো জেলায় বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এ কারণেই গ্রাহকদের সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জের সাধারন মানুষ বলছে, রাজনৈতিক মতপার্থক্য বা বিরোধের কারণে বিদ্যুতের মতো জরুরি সেবা খাতের অবকাঠামো ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর কোনো ধরনের হামলা কাম্য নয়। এতে শুধু একটি প্রতিষ্ঠান নয়, ভোগান্তিতে পড়তে পারেন জেলার লাখো মানুষ। তাই জনস্বার্থে বিদ্যুৎ স্থাপনা ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। 

সর্বশেষ সর্বাধিক পঠিত