গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে আগুন, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও পাঁচ হাজার জনকে।
বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে মামলাটি করেছেন। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু এ তথ্য জানান। বলেন, ‘নায়েব সুবেদার মো. শওকত আলী গত ২৩ নভেম্বর খুলনা থানায় উপস্থিত হয়ে অনলাইনের মাধ্যমে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেছেন।’ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান তিনি।
মামলার প্রধান আসামি নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা। অন্য নামোল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস ওরফে কালু। এ ছাড়া আরও দুজনের নাম এজাহারে রয়েছে।
এজাহারের বিবরণ অনুযায়ী, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে ১৭ নভেম্বর বিজিবির সদস্যরা পুলিশ, আনসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহলে ছিলেন। টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে তারা সেদিকে রওনা হন।
টহলদল উপজেলার নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে পথ আটকে দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। বিজিবির সদস্যরা তাদের সরে যেতে বললেও একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্র নিয়ে টহলদলের ওপর হামলা চালানো হয় বলে মামলায় উল্লেখ রয়েছে। হামলাকারীরা বিজিবির একটি এপিসি ও একটি জিপে আগুন ধরিয়ে দেয় বলেও অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, হামলা ঠেকাতে গেলে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন এবং সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন। তাদের আঘাতের ধরন বা বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
মামলার বিবরণে যানবাহন ও সরঞ্জামের ক্ষয়ক্ষতির তথ্যও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে ভস্মীভূত হয়। আরেকটি এপিসির টায়ার ও ফগ লাইট এবং একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া বিজিবির গাড়ি থেকে একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এজাহার অনুযায়ী, সব মিলিয়ে ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ ৬ কোটি ৫১ লাখ টাকা। অভিযোগগুলোর বিষয়ে মামলাটি তদন্ত করছে পুলিশ।