মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে দেশে মাছ উৎপাদন আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের আয়োজনে পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান ভবনের প্রফেসর মোহাম্মদ শফি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। এ অবস্থানকে আরও এগিয়ে নিতে হবে। বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এ খাতের পরিধি যেমন বড়, তেমনি কর্মসংস্থানের সুযোগও বিস্তৃত।
দেশের নদ-নদীর নাব্যতা ও দূষণ প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অনেক নদীর নাব্যতা নষ্ট হয়ে গেছে। নদীগুলোকে দূষণমুক্ত করা এবং নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গভীর সমুদ্রে মাছ আহরণের ক্ষেত্রেও সরকার কাজ করছে। বাংলাদেশ গভীর সমুদ্রে মাছ আহরণে সক্ষম হলে তা দেশের অর্থনীতিতে বড় ভ‚মিকা রাখতে পারবে।
এর আগে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন প্রতিমন্ত্রী। ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকসহ মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবি’র মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মামুন চৌধুরী।