প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি, যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম

প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও করেছে জাতীয় যুবশক্তি। যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে কার্যালয়ের সামনে পুলিশি ব্যারিকেড বসানো হয়েছে। সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রবিবার (১১ অক্টোবর) আন্দোলনকারীরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মহাপরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ‘মন্ত্রী হলো অটো পাস, করে শুধু প্রশ্নফাঁস’ এবং ‘কোটার মন্ত্রী করে কী, প্রশ্নফাঁসের কারসাজি’সহ বিভিন্ন স্লোগান দেন।

গত শনিবার (১০ অক্টোবর) যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত করা হয়। এ ঘটনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করছেন আন্দোলনকারীরা।

কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিলের ব্যাংকপাড়া ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা ও কৌতূহল দেখা গেছে। তবে ওই এলাকায় যানবাহন চলাচল এখনো স্বাভাবিক রয়েছে।

জাতীয় যুবশক্তির পাঁচ দফা দাবি: জাতীয় যুবশক্তি ও পরীক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ; প্রশ্নফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা; নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা; ভেরিফিকেশনের নামে হয়রানি ও ভাইভার নম্বর নিয়ে কারসাজি বন্ধ করা এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ।

যুবশক্তির নেতাদের অভিযোগ, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পেছনে শক্তিশালী একটি সিন্ডিকেট জড়িত। তাঁরা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত