বটুয়া

ছোট্ট আকার, কিন্তু বাঙালি সংস্কৃতিতে এর গল্প বেশ পুরনো। বটুয়া এমনই এক দেশীয় অনুষঙ্গ, যা মূলত ব্যাগের বিকল্প। টাকা-পয়সা, ছোটখাটো প্রয়োজনীয় জিনিস রাখার জন্য ব্যবহৃত এই থলির প্রচলন বহু পুরনো। দক্ষিণ এশিয়ার লোকজ সংস্কৃতিতে পকেটের বিকল্প হিসেবে কাপড়ের তৈরি ছোট থলি ব্যবহারের ইতিহাস রয়েছে। বাংলায় ‘বটুয়া’ বিশেষভাবে পরিচিত হয়ে ওঠে গ্রামীণ ও লোকজ জীবনের সঙ্গে মিশে। একসময় বটুয়া ছিল মূলত ব্যবহারিক সামগ্রী। কৃষক, ব্যবসায়ী কিংবা পথচারী অনেকেই কোমরে বা পোশাকের সঙ্গে বেঁধে এতে টাকা-পয়সা রাখতেন। সময়ের সঙ্গে এর ব্যবহার বদলেছে। এখন বটুয়া শুধু প্রয়োজন মেটায় না, হয়ে উঠেছে ফ্যাশনের অংশ।

বিয়ের অনুষ্ঠানেও বটুয়ার আলাদা কদর রয়েছে। কনে বা বরপক্ষের পোশাকের সঙ্গে মানানসই বটুয়া যেমন ব্যবহৃত হয়, তেমনি উপহার হিসেবেও এর জনপ্রিয়তা আছে। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে শাড়ি বা পাঞ্জাবির সঙ্গে নকশিকাঁথা, জরি, পুঁতি, পাট, মখমল কিংবা সিল্কের বটুয়া বেশ নজর কাড়ে। বটুয়ার ধরনও রকমারি। দড়ি বা ফিতা দিয়ে বাঁধা থলি, গোল বা চৌকো বটুয়া, ঝোলানো বটুয়া, ক্লাচ ধাঁচের বটুয়া কিংবা আধুনিক চেইনযুক্ত নকশা সবই দেখা যায়। নকশায় রয়েছে ফুল, লতা-পাতা, জ্যামিতিক মোটিফ, লোকজ নকশা থেকে শুরু করে আধুনিক মিনিমাল ডিজাইন। ছোট্ট এই ব্যাগটি আজ শুধু জিনিস রাখার পাত্র নয়; এটি বাংলার লোকঐতিহ্য, কারুশিল্প ও ফ্যাশনের মেলবন্ধন।