ইউল্যাবে গবেষণাবিষয়ক জাতীয় গোলটেবিল আগামীকাল

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর ইংরেজি ও মানবিক বিভাগের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) ‘হিউম্যানিটিজে দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা’ (Responsible Research and Publication in the Humanities) শীর্ষক এক জাতীয় গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ইউল্যাব ক্যাম্পাসে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক শামসাদ মর্তুজা অনুষ্ঠানের উদ্বোধন করবেন। গোলটেবিল বৈঠকের আহ্বায়ক ও সঞ্চালকের দায়িত্বে থাকবেন ইংরেজি ও মানবিক বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সালেহ মোহাম্মদ রাফি।

দেশে গবেষণার পরিধি বৃদ্ধির এই সময়ে গবেষণাকর্মের সততা, পিয়ার-রিভিউয়ের মানদণ্ড, লেখকস্বত্ব, সাইটেশন নীতি, জেনারেটিভ এআই-এর ব্যবহার এবং একাডেমিক মেন্টরশিপের মতো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় ও গবেষণার মানোন্নয়নে দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষাবিদরা এক ছাদের নিচে অংশ নেবেন।

আলোচনায় অংশ নেবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শায়লা সুলতানা, শাবিপ্রবির অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, আইইউবির অধ্যাপক ড. সরকার হাসান আল জায়েদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. কামরুল হাসান চৌধুরী, নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. নাজিয়া মনজুর এবং ইউল্যাবের অধ্যাপক ড. আনোয়ার হক জোয়ারদার।

বাংলাদেশে একটি টেকসই ও দায়িত্বশীল গবেষণা-সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই এই জাতীয় সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে।