এনটিআরসিএর পরীক্ষা বিসিএসের আদলে নেওয়ার চিন্তা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘শিক্ষক নিয়োগে মান নিশ্চিত করতে এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ)'র নিয়োগ পরীক্ষাকে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মানের করার বিষয়ে পরিকল্পনা করছে সরকার। বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যে বৈষম্য এবং আত্মীকরণ সংক্রান্ত জটিলতার সমাধান নিয়েও কাজ করা হচ্ছে। 

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এলামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির ছাত্র হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, কেমিস্ট্রি আমাকে শিখিয়েছে কিভাবে ভাবনার জগতকে তুলে ধরতে হয়। এই বিভাগ আমাকে দিয়েছে অদম্য স্পৃহা। এই বিভাগে ভর্তি হওয়ার পর আমি অনেক কিছু শিখেছি। কিভাবে নিজের কাজকে ভালবাসতে হয়। এখান থেকে অনুপ্রেরণা নিয়ে আমি দেশাত্মবোধ ও ভবিষ্যৎ প্রজন্মকে গড়ার প্রত্যয়ে কাজ করছি। 

এসময় তিনি সবাইকে দেশাত্মবোধ নিয়ে আন্তরিকতার সাথে কাজ করে দেশ গড়ার আহ্বান জানান। তিনি প্রখ্যাত রসায়নবিদ মুকাররম হোসেন খন্দকারকে স্মরণ করে বলেন, এই বিভাগের শিক্ষার্থীদের তাঁর আদর্শকে ধারণ করে উৎকৃষ্ট মানের রসায়নবিদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। 

রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত