জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদাকে ঘিরে একদল শিক্ষার্থীর ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত একটি সভায় শিক্ষকদের মধ্যে মতবিরোধের জেরে পরদিন এ ঘটনা ঘটে। একজন শিক্ষককে ঘিরে শিক্ষার্থীদের এমন আচরণ নিয়ে বিশ্ববিদ্যালয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফিশারিজ বিভাগের একদল শিক্ষার্থী কক্ষে প্রবেশ করে ড. সৈয়দ নাজমুল হুদাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছেন। এ সময় ওই শিক্ষককেও পাল্টা একই স্লোগান দিতে শোনা যায়। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাইলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তাঁকে প্রশাসনিক ভবন থেকে বের করে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এর আগের দিন ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনিক ভবনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কোষাধ্যক্ষ, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে কয়েকজন শিক্ষকের মধ্যে মতবিরোধ ও কথা-কাটাকাটি হয়। তবে সভাতেই বিষয়টির সমাধান হয় বলে জানা গেছে।
এ ঘটনার পরদিন সোমবার উপাচার্য বরাবর স্মারকলিপি দেন ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা। এতে সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২২ নভেম্বরের সভায় ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুস সাত্তারের সঙ্গে ড. নাজমুল হুদা অসৌজন্যমূলক আচরণ করেন। তাঁকে ‘তুমি’ বলে সম্বোধন, অপমানজনক ভাষায় কথা বলা এবং অবসরে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। এ ছাড়া প্রক্টরের দায়িত্বে থাকা সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমানের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তোলা হয়। তাঁকে ‘তুই-তোকারি’ করে সম্বোধন এবং কক্ষ থেকে বের হয়ে যেতে বলার কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা বলেন, ‘গতকাল যে ঘটনাটি ঘটেছে, সেটি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবদের একটি সভা ছিল। সেখানে বিভিন্ন বিষয়ে ট্রেজারের স্যারের উপস্থিতিতে আলোচনা-সমালোচনা ও কথা হয়েছে। এরপর উপাচার্য মহোদয় উপস্থিত হয়ে সবাইকে শান্তিপূর্ণভাবে পেশাদারত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন এবং বিষয়টি সমাধান করেন। পরদিন কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে এ ধরনের আচরণ সম্পূর্ণ অনভিপ্রেত। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা প্রক্টরের উপস্থিতিতে এবং তাঁর নেতৃত্বে এমন ঘটনা ঘটায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’