মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে নারী উদ্যোক্তা মেলার স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বাওফেং ব্র্যান্ডের ওয়াকিটকি, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ একটি প্যান্ট ও টি-শার্ট, তিনটি আইডি কার্ডের ছবি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে চলমান নারী উদ্যোক্তা মেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সামছুদ্দিন মিয়ার ছেলে ইমরান আহমেদ (২০) ও একই এলাকার বিলাল মিয়ার ছেলে মাসুম আহমদ (১৯)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া সেল ও মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ইমরান ও মাসুমসহ চার তরুণ-যুবক এম সাইফুর রহমান অডিটোরিয়ামে চলমান নারী উদ্যোক্তা মেলায় প্রবেশ করেন। পরে তারা বিভিন্ন স্টলে গিয়ে নিজেদের সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। এ সময় সঙ্গে থাকা একটি আইডি কার্ড ও ওয়াকিটকি দেখানোর পাশাপাশি মোবাইল ফোনে থাকা সেনাবাহিনীর পোশাক পরা ছবি, আইডি কার্ড ও ওয়াকিটকির ছবি স্টল মালিক, ব্যবসায়ী ও কর্মচারীদের দেখান।
একপর্যায়ে তারা বিভিন্ন স্টল মালিক ও ব্যবসায়ীর কাছে চাঁদা হিসেবে নগদ টাকা দাবি করেন। চাঁদা না দিলে গ্রেপ্তার ও হেনস্তা করার ভয় দেখানো হয় বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি মেলায় উপস্থিত ব্যবসায়ী ও দর্শনার্থীদের সন্দেহ হলে তারা দুইজনকে আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা অপর দুই সহযোগী সুযোগ বুঝে মেলা প্রাঙ্গণ থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমরান ও মাসুমকে হেফাজতে নেয় এবং তাদের কাছ থেকে বিভিন্ন আলামত জব্দ করে।
এ ব্যাপারে মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মেলায় অবস্থানরত ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করার কথা স্বীকার করেছেন। তাদের কাছ থেকে ওয়াকিটকি ও সেনাবাহিনীর পোশাকের অনুরূপ পোশাকসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মেলা আয়োজক কমিটির সদস্য নাহিদ আহমেদের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত অপর ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।