শ্রীমঙ্গলে ভারতীয় রসুন-সিএনজি অটোরিকশাসহ গ্রেপ্তার ২

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযান পরিচালনা করে ৯০ কেজি ভারতীয় রসুন ও একটি সিএনজি অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন উপজেলার হুগলিয়া টিলাগাঁও এলাকার আব্দুল মুহিত (২৮) ও নাঈম মিয়া (২৬)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবর পেয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার হুগলিয়া টিলাগাঁও এলাকার জনৈক আব্দুল মুহিতের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টাকালে পুলিশ আব্দুল মুহিত ও নাঈম মিয়াকে আটক করে। পরে অটোরিকশাটি তল্লাশি করে এর পেছনের যাত্রী বসার সিট থেকে তিনটি বস্তায় থাকা ভারতীয় রসুন উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৯০ কেজি রসুন পাওয়া যায়। এ সময় রসুন পরিবহনে ব্যবহৃত অটোরিকশাও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবকরা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে চোরাচালানের মাধ্যমে রসুন আনার কথা স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে শ্রীমঙ্গল থানায় মামলা করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত